সরকারি হাসপাতালই হোক মানুষের ভরসা: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালকে মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থলে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য, মানসম্মত ও কার্যকর করতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত এবং রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যখাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এটিই কোনো প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠক।

প্রধানমন্ত্রী বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন মানুষ কোনো ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিতে পারেন এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে বাধ্য না হন। সরকারি হাসপাতালই যেন সাধারণ মানুষের একমাত্র আস্থার জায়গা হয়ে ওঠে।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা জানান, অতীতের নানা সংকট কাটিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসক কর্মরত থাকলেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কিডনি রোগীদের চিকিৎসা সম্প্রসারণে জেলা পর্যায়ের বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে ডায়ালাইসিস সেন্টার স্থাপন, প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত