বাংলাদেশের মানুষ কখনো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, তবে সরকার এসব কর্মকাণ্ডে গুরুত্ব দিচ্ছে না।
শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বা যারা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।
তিনি বলেন, বিদেশে বসে মাঝে মধ্যে তারা বিভিন্ন বক্তব্য দিতে পারে বা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তবে সরকার এসব বিষয়ে বিচলিত নয়।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে কলাতলীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে কাজে লাগাতে হবে। শুধু উঁচু ভবন নির্মাণ নয়, প্রকৃতির ভারসাম্য বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। বিশ্বব্যাপী কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরে আরও বেশি পর্যটক আকৃষ্ট করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, কক্সবাজারকে কেন্দ্র করে সামুদ্রিক শিক্ষা ও গবেষণার প্রসারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্নাসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।