তিন দিনের সফরে মস্কো গেলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি সরকারি সফরে রওনা হন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে তাদের।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। ফলে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া সফরকালে রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়েরও সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সম্পর্কিত