দেশে পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম আবার বাড়লো

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে আবারও পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি জুন মাস থেকেই বর্ধিত দর কার্যকর হবে। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন ট্যারিফ অনুযায়ী বিভিন্ন শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে আলাদা হারে মূল্য বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লাইফলাইন গ্রাহকদের জন্য সর্বনিম্ন ১৫ শতাংশ এবং অন্যান্য শ্রেণিতে সর্বোচ্চ প্রায় ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে।

গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং আর্থিক চাপ মোকাবিলার জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে নতুন এই মূল্যবৃদ্ধির ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ব্যয় বাড়বে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ ও উৎপাদন ব্যয়ে প্রভাব ফেলতে পারে।

এর আগে গণশুনানিতে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

সম্পর্কিত