সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত উন্নয়নে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
তিনি বলেন, বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশটির অভাবনীয় অগ্রগতি বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এসব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও এগিয়ে যেতে পারবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণরা চীনে উচ্চশিক্ষা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য এবং প্রযুক্তিগত আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীনের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।