২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

স্টাফ রিপোর্টার
ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও বিনিয়োগ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে যেমন বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনাও। এই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে কর ও ভ্যাট ব্যবস্থার সরলীকরণ, বিনিয়োগ-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগ চায়। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারি সেবার ডিজিটালাইজেশন, কর ব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।

সম্পর্কিত