পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিতে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। রোববার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বিষয়টি জানার পর তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পরে স্বরাষ্ট্র সচিব সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েক দিন আগেই শুধু এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। তাদের বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। জামিনের শর্তগুলোর সত্যায়িত কপি সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ করা ল ফার্মকে জামিন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বেনজীর আহমেদের জামিন বাতিল করা সম্ভব হবে।