বিদেশে বসে উঁকিঝুঁকি দিচ্ছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে বসে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দলটির কোনো ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে ঘিরে দলটির কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তারা দেশের বাইরে থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনকে কোনো বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাকে দেশ ত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক স্থানে উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনসাধারণের শঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও তৎপরতা চালাচ্ছে।

সম্পর্কিত