সুপারফুড হিসেবে পরিচিত আমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। তবে অনেকেই জানেন না, আমের পাশাপাশি এর পাতাতেও রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা। বিশেষ করে কচি, বেগুনি রঙের আমপাতা বিভিন্ন হারবাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, আমের পাতায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উপকারী উপাদান রয়েছে, যা শরীরের নানা সমস্যায় সহায়ক ভূমিকা রাখতে পারে।
লোকজ চিকিৎসায় দেখা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমপাতা ব্যবহার করা হয়। কয়েকটি কচি আমপাতা সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।
উচ্চ রক্তচাপ কমাতেও আমপাতার ভূমিকার কথা বলা হয়। এতে থাকা হাইপোটেনসিভ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়।
এছাড়া মানসিক চাপ বা এনজাইটির ক্ষেত্রেও আমপাতা উপকারী হতে পারে। গোসলের পানিতে কয়েকটি আমপাতা দিয়ে গোসল করলে শরীর ও মন সতেজ অনুভূত হতে পারে।
কিডনি বা গলব্লাডারে পাথর হলে আমপাতা গুঁড়া করে পানিতে ভিজিয়ে সেই পানি পান করার কথাও প্রচলিত রয়েছে। একইভাবে ঠান্ডা, কাশি বা গলা বসে গেলে গরম পানিতে আমপাতা দিয়ে চায়ের মতো করে পান করলে উপকার পাওয়া যেতে পারে।
কানে ব্যথা বা চুলকানির সমস্যায় আমপাতার রস ব্যবহার করার কথাও শোনা যায়। তুলোর সাহায্যে কানে সামান্য রস লাগালে আরাম মিলতে পারে। এছাড়া ত্বক পুড়ে গেলে আমপাতার রস লাগালে জ্বালাপোড়া কমতে পারে।
তবে এসব ব্যবহারের আগে অবশ্যই আমপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। গুরুতর কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।