লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য এবং পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সম্পর্কিত