লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাল ও মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই-বোনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের বাসিন্দা মো. নুর নবীর ছেলে ইকবাল হোসেন এবং মেয়ে নয়ন বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের তিনটি মিথ্যা দলিলের ভিত্তিতে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টা করেন নয়ন ও ইকবাল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর তদন্তকালে তিন মাসে তিন দফা নয়ন বেগম ও ইকবাল হোসেনকে জমির মূল দলিলসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তারা কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেননি।
পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি সৃজনের চেষ্টার প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি সৃজনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাদের দণ্ড দেওয়া হয়েছে।