লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া নামে এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, যা ঘটনাটিকে ঘিরে রহস্য তৈরি করেছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আকরতমা গ্রামের পানিয়ালা বাজার সড়কের পাশের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিন্টু মিয়া নোয়াখালীর চরমটুয়া গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জের ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে অধিকাংশ সময় রান্নার কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক কৃষক ধানক্ষেতে গেলে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে নিহতের মুখ বাঁধা অবস্থায় পাওয়ায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।