এপ্রিলে খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান,

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইতোমধ্যে একটি খাল খননের কাজ শুরু হয়েছে এবং তা বর্তমানে চলমান রয়েছে। সরকারের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনীতে নতুন দুটি খালের খনন কাজ শিগগিরই শুরু হবে, যা প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন।

সচিবালয়ের বৈঠকে সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচি এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, খাল খননের এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে বিভিন্ন স্থানে অবৈধ দখল, শিল্পকারখানার বর্জ্য এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব বাধা দূর করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হয়েছে।

মন্ত্রী আরও জানান,

নদী ও খাল দখলমুক্ত করে জলাশয়গুলো পুনরুদ্ধারের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ে নিয়মিত আলোচনা চলছে। তিস্তা প্রকল্প বিশেষজ্ঞদের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে, তবে এখনো তা প্রকাশের পর্যায়ে আসেনি। অন্যদিকে, ভারত-বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে, যা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

সরকারের এসব উদ্যোগ দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত