কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র শরীফ

স্টাফ রিপোর্টার
 ছবি: নিখোঁজ মো. শরীফ
ছবি: নিখোঁজ মো. শরীফ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মো. শরীফ (১১) নামে এক মাদরাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শরীফের মা মোফাশেরা বেগম কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত শরীফের কোনো সন্ধান মেলেনি। কোথাও তার খোঁজ পেলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

জানা গেছে, গত ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শরীফ। সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম বলেন, ঘটনার দিন ভোরে শরীফ নামাজ আদায় করতে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।

শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, গত ১০ দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। কোথাও শরীফকে দেখতে পেলে দ্রুত কমলনগর থানায় জানাতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, শরীফের শোকে তার মা অনবরত কান্না করছেন।

সম্পর্কিত