লক্ষ্মীপুরে চার আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মোট ২৯ জন প্রার্থী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম সদর উপজেলার কুশাখালী এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামেন।

উৎসবমুখর পরিবেশে জেলার অপর তিনটি আসনেও প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। লক্ষ্মীপুর সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৬০৫ জন। এই আসনে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারণাকালে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার ভোটারদের মধ্যে উৎসাহ অনেক বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের কল্যাণে কাজ করবেন।

অন্যদিকে জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম বলেন, সুষ্ঠু ভোট নিয়ে এখনও পুরোপুরি শঙ্কা কাটেনি। বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব বাধা সত্ত্বেও জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসী ও জমিদখলকারীদের লাল কার্ড দেখাবে এবং ভালো প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত