লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্য দিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জামায়াত-শিবির এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘তুমিও জানো, আমিও জানি, জামায়াত-শিবির পাকিস্তানি’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না ও শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, সদস্যসচিব ইয়াছিন বাবলু, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন এবং সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।
সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন, সম্প্রতি এক শিবির নেতার বক্তব্যে বিএনপি সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে মিথ্যাচার করা হলে তার জবাব দেওয়া হবে।