লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর গত আট মাস ধরে নিখোঁজ রয়েছে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরী। দীর্ঘ সময় পার হলেও পুলিশ কিংবা পরিবারের পক্ষ থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা রহিমা বেগম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মেয়েকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নিখোঁজ তৃপ্তি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে রহিমা বেগম চিকিৎসার জন্য ঢাকায় যান। ওইদিন বিকেলে স্বামীর সঙ্গে মোবাইলফোনে কথা বলে জানতে পারেন, তৃপ্তি পাশের কালিবাজারে গেছে। কিন্তু এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তৃপ্তির মা। তবে আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে রহিমা বেগম বলেন, “তৃপ্তি আমার ছোট মেয়ে। আট মাস হয়ে গেল, আমার কলিজার টুকরাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশও এখন পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করার কার্যকর ব্যবস্থা নিন।”
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার পরও এখনো তার কোনো সন্ধান না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার বক্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ট্যাগ: লক্ষ্মীপুর, নিখোঁজ, সাজিয়া আফরিন তৃপ্তি, লক্ষ্মীপুর সদর, উত্তর হামছাদী, সংবাদ সম্মেলন, জিডি, পুলিশ, প্রশাসন, নিখোঁজ কিশোরী