লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এই শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে সারাদেশে নৌযান শুমারি পরিচালনা করা হবে।

এই শুমারির মাধ্যমে দেশের বিভিন্ন জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে। এর মাধ্যমে নৌপরিবহন খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত