আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে যুবকদের অংশগ্রহণে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
আয়োজক সদর উপজেলা যুব বিভাগ জানায়, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালিজুড়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
র্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের অর্থের কারণে পরিবারে সংঘাত, সহিংসতা এমনকি হত্যার ঘটনাও ঘটছে। তারা অভিযোগ করেন, সরকার মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে দেশের সচেতন যুবসমাজ মাদকের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, লক্ষ্মীপুরে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকসংশ্লিষ্ট অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জোরদারের আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, আবদুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারী এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ স্থানীয় নেতাকর্মীরা।