লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সবজি চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশের একটি মোবাইল টিম রাখালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন একটি পুকুরপাড়ে অভিযান চালায়। সেখানে সবজি গাছের সঙ্গে লুকিয়ে রাখা ১৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর উচ্চতা ছিল ৬ থেকে ১৮ ইঞ্চি।
পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাজারের সুইপার জয়নাল আবেদিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী, স্টোররুমে তল্লাশি চালিয়ে ৫৫ পুরিয়া গাঁজা (প্রায় ১০০ গ্রাম) এবং আলাদা পলিথিনে মোড়ানো আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন রাখালিয়া বাজার জামে মসজিদের সুইপার হিসেবে কাজ করতেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখার জন্য তাকে একটি ছোট স্টোররুম দেওয়া হয়েছিল। সেই স্টোররুমের পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষের আড়ালে তিনি গাঁজার চারা রোপণ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছেন, তিনি শুধু গাঁজা চাষই করতেন না, বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছেও বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।