শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্রশিবিরের কথিত ‘অপরাজনীতির’ প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সহসভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের দমন-পীড়ন ও রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল রাজপথে প্রকাশ্যে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ববরণ করেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। শিক্ষাঙ্গনে এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ অভিযোগ করেন, ছাত্রশিবির দেশব্যাপী অপরাজনীতি করছে। তিনি শিবিরের নেতাকর্মীদের গোপন রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অশালীন ও উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে। ছাত্ররাজনীতি শিক্ষা, শৃঙ্খলা, সহমর্মিতা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়া উচিত।
আবুল বারাকাত সৌরভ বলেন, দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন বক্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।