লক্ষ্মীপুরে মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর সেন্টারে ডিজিটাল মার্কেটিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর সেন্টারে ডিজিটাল মার্কেটিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

রাজস্ব তহবিলের অর্থায়নে মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথুয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার শুভ্রজিত রায়। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন ও প্রশিক্ষণ প্রদান করেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ট্রেইনার রিয়াজ হোসাইন।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও ক্যাথুয়াইপ্রু মারমা বলেন, বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। দক্ষ জনশক্তিই আগামী দিনে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে। ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।

তিনি আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত না করলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তাই তরুণদের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আইসিটি অফিসার শুভ্রজিত রায় বলেন, ডিজিটাল মার্কেটিং বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান অর্জন করেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ট্রেইনার রিয়াজ হোসাইন প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই প্রশিক্ষণ তরুণদের সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পাঠকের আগ্রহ

সম্পর্কিত