এসএসসির ফল প্রকাশে হতে পারে ৮ থেকে ১০ দিনের বিলম্ব

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলে পূর্বঘোষিত ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও চলমান এইচএসসি পরীক্ষার প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। ২০ জুলাই সেই ৬০ দিন পূর্ণ হলেও প্রশাসনিক কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সম্পর্কিত