নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারা ২০২৪ শিক্ষাবর্ষের (২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঢাকা বোর্ডের অধিভুক্ত মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীরা আগামী ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। এছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে।