দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির নেতারা সহিংস রাজনীতি পরিহার করে সহনশীলতা বজায় রেখে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় শূরা সদস্য হাসিব আল হাসান বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে দুই বড় ছাত্রসংগঠনের মধ্যে চলমান সহিংসতার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা হওয়া উচিত, যেখানে তারা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালাতে পারে।
তিনি আরও বলেন, আধিপত্য বিস্তারের নামে সহিংসতা পরিহার করতে হবে এবং ইসলামী ছাত্র আন্দোলন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা ও দোষারোপের প্রবণতা বাড়ছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তিনি অভিযোগ করেন, গোপনে বা প্রকাশ্যে যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নৈতিক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সংবাদ পরিবেশনে কোনো পক্ষপাতিত্ব না থাকে।
শাখা সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, সম্প্রতি চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তিনি উভয় সংগঠনকে সহনশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত চলমান সংকট নিয়েও আলোচনা করেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।