শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন। সন্ধ্যার পরও তারা আসাদগেট সংলগ্ন জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে এসে সড়ক অবরোধ করেন। তখন জাতীয় সংসদের অধিবেশন চলছিল। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানায়। পরে তারা না সরলে পুলিশ লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদগেটের দিকে সরিয়ে দেয়।
পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো— শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সাম্প্রতিক বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া ও অংশ নিতে না পারা সব শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন এবং ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীবান্ধব নতুন রুটিন প্রকাশ।