এইচএসসি পরীক্ষায় যেকোনো কেন্দ্র নজরদারিতে রাখবে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে দেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এর ফলে পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত