এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সাধারণত দুই বছর আগে থেকেই এ কার্যক্রম শুরু হয়। তিনি স্পিকারের উদ্দেশে বলেন, বর্তমান সরকার কোনো প্রশ্ন তৈরি করেনি; বরং বিগত সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটরদের প্রণীত প্রশ্নই এবার পরীক্ষায় ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি জানার পরপরই শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে প্রশ্নের ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।