মামলা থেকে নাম সরাতে টাকা চাওয়া হয়েছিল: সাকিব

স্টাফ রিপোর্টার
 ছবি: সাকিব আল হাসান
ছবি: সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক Shakib Al Hasan দাবি করেছেন, তার বিরুদ্ধে চলমান রাজনৈতিক মামলার নাম থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে তিনি এমন কোনো প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন।

সম্প্রতি প্রথম আলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “এ রকম একটা প্রস্তাব আমার কাছে এসেছে যে এই টাকা দিলে মামলা থেকে বাদ দেবে...।”

এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বলেছে যে এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে, তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না। বা তারা উঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আল্টিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।”

কারা এই প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার জানান, এফআইআরের বাদীপক্ষের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি অন্যদের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

প্রস্তাব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়াও তুলে ধরেন সাকিব। তিনি বলেন, “আচ্ছা, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। আমিও এই আশাই করি, যেন অনেক বেশি টাকা থাকে আমার কোনো সময়।”

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে যেসব মামলা হয়, তার মধ্যে একটি মামলায় নাম আসে সাকিব আল হাসানেরও। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি সে সময় রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় ছিলেন। তবে শুরু থেকেই সাকিব দাবি করে আসছেন, মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে।

সম্পর্কিত