বয়স ৪১-এর পথে। ফুটবলের অনেক তারকাই যেখানে ত্রিশের কোঠা পেরোতেই বুটজোড়া তুলে রাখেন, সেখানে এখনো দাপটের সঙ্গে খেলছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে প্রায়ই।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অবসর প্রসঙ্গে বিরক্তির ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘আমি যখন চাইব তখনই থামব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন—এটাই কি আমার শেষ? সামনে কী হবে, সেটা সময়ই বলে দেবে। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখা।’
আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি এই পর্তুগিজ মহাতারকা। তবে চলমান বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, সেটি নিশ্চিত করেছেন তিনি।
রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল (আজ) আমার শেষ ম্যাচ নয়।’
বিশ্বকাপে আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে রোনালদো জানান, দলকে নিয়ে তিনি আশাবাদী এবং শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখাই এখন তার প্রধান লক্ষ্য।