পেলে-রিভালদোর রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় নেইমার

স্টাফ রিপোর্টার
 ছবি: নেইমার জুনিয়র।
ছবি: নেইমার জুনিয়র।

দীর্ঘদিনের চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচে ব্রাজিল দলে থাকার কথা রয়েছে তার।

এই ম্যাচে মাঠে নামতে পারলেই ব্রাজিল ফুটবলের দুই কিংবদন্তি পেলে এবং রিভালদোর একটি অনন্য রেকর্ড স্পর্শ করবেন নেইমার।

বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে পেলে চারটি বিশ্বকাপ এবং রিভালদো দুটি বিশ্বকাপ মিলিয়ে ১৪টি করে ম্যাচ খেলেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে সেই রেকর্ডে ভাগ বসাবেন নেইমার।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের আগের দুটি ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড়কে মাঠে দেখা যায়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। যদিও কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

ডান পায়ের পেশির চোট কাটিয়ে গত কয়েক দিন ধরে নিয়মিত অনুশীলন করছেন নেইমার। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না দলীয় ব্যবস্থাপনা। তবে আনচেলত্তি জানিয়েছেন, পুরো ম্যাচ খেলার মতোই শারীরিকভাবে প্রস্তুত রয়েছেন এই তারকা ফুটবলার।

নেইমার মাঠে নামলে ব্রাজিলের আরেকটি বিরল ঘটনারও অবসান ঘটবে। মরক্কো ও হাইতির বিপক্ষে আগের দুটি ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় খেলেননি। বিশ্বকাপ ইতিহাসে ১৯৬২ সালের পর এমন ঘটনা আর দেখা যায়নি।

এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে খেললে ব্রাজিলের মূল জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে নেইমারের ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৯৮। এই তালিকায় ১০৫ ম্যাচ নিয়ে সবার ওপরে রয়েছেন পেলে। চলতি বিশ্বকাপেই ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে নেইমারের সামনে।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেই তাই একাধিক রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা।

সম্পর্কিত