বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করলেও পরাজয় এড়াতে পারেননি তিনি।
ম্যাচ শেষে ব্রাজিলের ‘গ্লোভো টিভি’কে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
কাকতালীয়ভাবে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে দাঁড়িয়েই তিনি বিদায়ের বার্তা দিলেন।
যদি এই ম্যাচই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়ে থাকে, তবে ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্টের অসাধারণ পরিসংখ্যান রেখে বিদায় নেবেন তিনি। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
এদিকে ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন নেইমার। এর আগে থিয়াগো সিলভাও একই অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ২০১৩ সালের কনফেডারেশনস কাপ এবং ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বর্ণপদক জিতেছেন নেইমার। তবে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল এই তারকার।