নেইমার ৯০ মিনিট খেলতে প্রস্তুত: আনচেলত্তি

স্টাফ রিপোর্টার
 ছবি: নেইমার, ব্রাজিল & কার্লো আনচেলত্তি
ছবি: নেইমার, ব্রাজিল & কার্লো আনচেলত্তি

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

রোববার (বাংলাদেশ সময়) রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে বদলি বেঞ্চে রাখা হলেও মাঠে নামানো হয়নি। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনার অবসান ঘটেছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার এখন সম্পূর্ণ ফিট এবং দলের প্রয়োজন হলে যেকোনো সময় মাঠে নামার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন খেলার মতো অবস্থায় আছে। যখনই আমার মনে হবে দলের তাকে প্রয়োজন, তখনই আমি তাকে মাঠে নামাব। হ্যাঁ, সে এখন পুরো ৯০ মিনিটই খেলতে পারে।’

নেইমারের পেশাদার মনোভাবেরও প্রশংসা করেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, ‘বেঞ্চে বসে থেকে সে খুব একটা সন্তুষ্ট নয়, কিন্তু তার আচরণ অত্যন্ত ইতিবাচক। সে কঠোর পরিশ্রম করছে এবং অনুশীলনেও দারুণ মনোযোগী।’

ড্রেসিংরুমে নেইমারের প্রভাব নিয়েও কথা বলেন আনচেলত্তি। তার মতে, ৩৪ বছর বয়সী এই তারকা শুধু মাঠেই নয়, দলের ভেতরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, ‘নেইমার খুবই শ্রদ্ধাশীল এবং সতীর্থদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার ফুটবলীয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্বও দলের জন্য মূল্যবান। তাকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’

নেইমার শুরুর একাদশে ফিরতে আগ্রহী বলেও জানান ব্রাজিল কোচ। তবে একাদশ নির্ধারণের সিদ্ধান্ত ম্যাচের কৌশলের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নকআউট পর্বে নামছে ব্রাজিল। তবে আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে জয় তুলে নেওয়া সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সম্পর্কিত