বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের জার্সিতে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এমবাপ্পে। ৪৮ ও ৬৬ মিনিটে দুটি গোল করে ব্যবধান কমান তিনি। যদিও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরাজিত হয় ফ্রান্স।
তবে ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২টি। এর মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন।
আরও একটি দিক থেকে এগিয়ে আছেন ফরাসি এই ফরোয়ার্ড। যেখানে মেসি ২১ গোল করতে খেলেছেন ৩৩টি ম্যাচ, সেখানে এমবাপ্পে মাত্র ২২ ম্যাচেই ২২ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
এবারের বিশ্বকাপেও গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১০টি, যেখানে লিওনেল মেসির গোল ৮টি।
ফলে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মেসিকে গোল্ডেন বুট জিততে হলে হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে। অন্যথায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করবেন কিলিয়ান এমবাপ্পে।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে।