সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে উড়িয়ে ইংল্যান্ড তৃতীয়

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বুকায়ো সাকার হ্যাটট্রিকের ওপর ভর করে ইতিহাস গড়ে ইংলিশরা।

ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোলের লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধেই চার গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড।

খেলার শুরুতেই ডেকলান রাইস গোলের সূচনা করেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। বিরতিতে যাওয়ার আগে জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন বুকায়ো সাকা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। ৪৮ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল শোধ করেন। ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান আরও কমান। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ম্যাচে ফেরানোর আশা জাগান এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করে লিওনেল মেসিকে (২১) ছাড়িয়ে যান এমবাপ্পে। চলতি আসরে ১০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি।

তবে ফ্রান্সের প্রত্যাবর্তনের আশা শেষ করে দেন সাকা। নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ে বদলি হিসেবে নামা জুড বেলিংহাম ইংল্যান্ডের ষষ্ঠ গোল করেন। ম্যাচের শেষ দিকে উসমান দেম্বেলে ফ্রান্সের চতুর্থ গোল করলেও হার এড়ানো সম্ভব হয়নি।

এই জয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের একটি অর্জন করল ইংল্যান্ড। তৃতীয় স্থান নিশ্চিত করে তারা ব্রোঞ্জ পদকের পাশাপাশি প্রায় ৩৫৫ কোটি টাকা পুরস্কার পেয়েছে। অন্যদিকে চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা।

এদিকে ফ্রান্সের কোচ হিসেবে এটি ছিল দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে ছয় গোল হজম করে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়েই দায়িত্ব শেষ করতে হলো তাকে।

সম্পর্কিত