২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে ব্রাজিল। প্রধান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দল।
সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে দায়িত্ব পালন করতে পারেন রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল এবং ডগলাস সান্তোস। চোটের কারণে ওয়েসলি দলে না থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
মধ্যমাঠে ব্রাজিলের মূল ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো ও রাফিনিয়া। অভিজ্ঞতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ গঠনের ক্ষেত্রে এই চার ফুটবলারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন ইগর থিয়াগো। দ্রুতগতির আক্রমণ এবং প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
বিশ্বকাপের মঞ্চে মরক্কোর মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় ব্রাজিল। তাই প্রথম ম্যাচেই পূর্ণশক্তির দল মাঠে নামানোর সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৪-২):
আলিসন বেকার (গোলরক্ষক); রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো, রাফিনিয়া; ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।