ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল খেলা এবং ইংলিশ ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসে আমিনুল হক জানান, তার মন্তব্যের উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে তার বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের মন্তব্য ছড়ানো হচ্ছে, তা অনভিপ্রেত।
তিনি আরও বলেন, এটি ছিল তার ব্যক্তিগত একটি পর্যবেক্ষণ, যার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
সমালোচনা ও হাস্যরসের জবাবে সাবেক এই তারকা ফুটবলার বলেন, একটি ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা করা থেকে বিরত থাকা উচিত।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
উল্লেখ্য, সম্প্রতি এক আলোচনায় আমিনুল হক বলেন, জাইমা রহমান লন্ডনে স্কুলে পড়াকালীন ভালো ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসির বয়সভিত্তিক দল থেকে ডাক পেয়েছিলেন। তবে পরিবার তাকে পেশাদার ফুটবলের বদলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।