বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এতদিন এই রেকর্ড জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে থাকলেও এবার তা ভেঙে এককভাবে শীর্ষে উঠে এসেছেন মেসি।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড় করান ১৮-তে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেন ক্লোসাকে, যিনি চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করে দীর্ঘ ১২ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন।
রেকর্ড হারানোর পরও ক্লোসা মেসির প্রশংসা করে বলেন, তার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। ফুটবল ইতিহাসে এক কিংবদন্তি আরেক কিংবদন্তির প্রতি এমন স্বীকৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে ১৪ গোলের রেকর্ড ছিল জার্মান কিংবদন্তি গার্ড মুলারের দখলে, যা ভেঙেছিলেন ব্রাজিলের রোনালদো নাজারিও। পরে ২০১৪ বিশ্বকাপে রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে ওঠেন ক্লোসা, আর এবার সেই তালিকায় নতুন শীর্ষ নাম লিওনেল মেসি।
পরিসংখ্যানে দেখা যায়, ক্লোসা ১৭৯৩ মিনিটে ৬৬টি শটে ১৬ গোল করলেও মেসি ২৪৮৪ মিনিটে ১১৮ শটে ১৮ গোল করেছেন। যদিও ক্লোসা ছিলেন মূল স্ট্রাইকার, আর মেসি খেলেছেন প্লে-মেকার হিসেবে, তবুও গোলসংখ্যায় নতুন মানদণ্ড স্থাপন করেছেন আর্জেন্টাইন তারকা।
বর্তমান বিশ্বকাপ আসরে ১০ বা তার বেশি গোল করেছেন মাত্র ১৬ জন খেলোয়াড়। তাদের মধ্যে খেলছেন মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইন। ফলে ভবিষ্যতে এই রেকর্ড আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।