গুগলের জনপ্রিয় ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সেবা গুগল ফটোজে যুক্ত হচ্ছে নতুন চারটি এআইচালিত সুবিধা। এসব ফিচার ব্যবহার করে ছবি সম্পাদনা, অনুসন্ধান ও সংরক্ষণ আগের চেয়ে আরও সহজ ও স্মার্ট হবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধাগুলো চালু করা হচ্ছে।
গুগল ফটোজের নতুন ফিচারের মধ্যে প্রথমটি হলো ছবির ত্রুটি ঠিক করার সুবিধা। অনেক সময় ছবিতে চোখ বন্ধ হওয়া বা ছোটখাটো ত্রুটি দেখা যায়। ‘হেল্প মি এডিট’ অপশন ব্যবহার করে এসব সমস্যা সহজেই সমাধান করা যাবে। নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ত্রুটির ধরন লিখলেই গুগল ফটোজ স্বয়ংক্রিয়ভাবে ছবি ঠিক করে দেবে।
দ্বিতীয় সুবিধা হিসেবে যুক্ত হয়েছে এআই টেমপ্লেট দিয়ে ছবিতে আবহ যুক্ত করার ফিচার। ‘ক্রিয়েট উইথ এআই’ নামের এই অপশন ন্যানো ব্যানানা এআই মডেলভিত্তিক। এর মাধ্যমে ব্যবহারকারীরা মুহূর্তেই ছবিতে নতুন আবহ বা পরিবেশ যুক্ত করে ভিন্ন ভিন্ন স্টাইলে ছবি তৈরি করতে পারবেন।
তৃতীয় নতুন ফিচার হলো ‘আস্ক’ বাটন। এই বাটনের মাধ্যমে ছবি দেখার সময় ছবির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিক তথ্য জানা যাবে। পাশাপাশি নির্দিষ্ট মুহূর্ত খুঁজে পাওয়া কিংবা ছবি সম্পাদনার নির্দেশও দেওয়া যাবে।
চতুর্থ সুবিধা হিসেবে যোগ হয়েছে ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি সম্পাদনা। ব্যবহারকারীরা কণ্ঠ বা টেক্সট ব্যবহার করে ছবি সম্পাদনার নির্দেশ দিলে গুগল ফটোজ নিজে থেকেই সেই অনুযায়ী ছবি এডিট করে দেবে।
নতুন এসব এআইচালিত সুবিধার ফলে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ছবি সংরক্ষণ ও সম্পাদনার অভিজ্ঞতা আরও আধুনিক ও সহজ হবে।