লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২ আগস্ট) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে ওই বিএনপি নেতার মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি বর্তমানে গা-ঢাকা দিয়েছেন।
ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিগারেটের মধ্যে গাঁজা ঢোকাচ্ছেন। পরে ওই গাঁজাভর্তি সিগারেট রেখে ইয়াবা সেবন করছেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় চা দোকানি।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে মিরন জমাদ্দারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন জানিয়েছেন ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছিলেন। বর্তমানে রাজনৈতিক বিরোধের কারণে পুরোনো ভিডিওটি সামনে আনা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তবে ভিডিওটি তার নজরে এসেছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।