সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আপন দুই ভাই। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (বাংলাদেশ সময়) রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই ভাই। পরে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের দুই ছেলে— ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।
নিহতদের বাবা আব্দুল মালেক জানান, তার দুই ছেলে সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনীয় মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিলেন। সেখান থেকে মালামাল নিয়ে জেদ্দায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের বহনকারী প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি তার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।