সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই প্রবাসীর

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন হারুন ও রাসেল। তারা একই এলাকার বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। গত রাতে রিয়াদের একটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর নিহতদের পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তর হামছাদী এলাকার পরিবেশ।

নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের আশায় ছেলে বিদেশে গিয়েছিল। কিন্তু তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আবেদন জানান।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ইউএনও আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত