পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,
রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এলাকার গুটিকয়েক ব্যক্তি মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিরোধ করতে হবে। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে অপরাধের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজ, তরুণ প্রজন্ম এবং এলাকার উন্নয়নই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।