রামগতিতে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জসিম উদ্দিনকে ১ লাখ টাকা এবং মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার চরবাদাম ও চরআলগী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরবাদাম ও চরআলগী ইউনিয়নের বিভিন্ন কৃষিজমি থেকে উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিনকে ১ লাখ টাকা এবং মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, জরিমানার অর্থ আদায় করা হয়েছে। কৃষিজমির উর্বর মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত