রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: রামগঞ্জ থানা
ছবি: রামগঞ্জ থানা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রুপা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের শেখের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুপা আক্তার মালয়েশিয়া প্রবাসী মনজুর হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বর্তমানে তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন।

স্থানীয়দের ভাষ্য, বুধবার বাড়ির একটি কক্ষে রুপা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পরই জানা যাবে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রণব রাম আচার্য বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত