কমলনগরে দুই কেজির রাজা ইলিশ বিক্রি ১০ হাজার ৫৫০ টাকায়

স্টাফ রিপোর্টার
 ছবি: দুই কেজির রাজা ইলিশ
ছবি: দুই কেজির রাজা ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া বড় আকৃতির একটি রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কিনেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। বড় আকৃতির ইলিশটি দেখতে এবং নিলামে অংশ নিতে ঘাটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

মতিরহাট মাছঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝি ও তার সঙ্গে থাকা কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় অন্যান্য ইলিশের পাশাপাশি তাদের জালে বড় আকৃতির রাজা ইলিশটি ধরা পড়ে।

পরে মাছটি মতিরহাট মাছঘাটের আড়তে নিয়ে আসা হলে উপস্থিত মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামের আয়োজন করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. রিয়াজ বেপারী ১০ হাজার ৫৫০ টাকায় ইলিশটি কিনে নেন।

ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, বড় আকৃতির ইলিশের বাজারমূল্য ও চাহিদা বেশি হওয়ায় তিনি নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছেন। মাছটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের ভালো বাজার থাকায় প্রতি কেজি প্রায় ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সরবরাহ তুলনামূলক কম। এখন যে ইলিশ ধরা পড়ছে, তার অধিকাংশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম।

তিনি বলেন, দুই কেজির বেশি ওজনের ইলিশ বর্তমানে খুবই বিরল। এ কারণে বড় আকৃতির রাজা ইলিশের চাহিদা ও দাম স্বাভাবিকভাবেই বেশি। আগামী মাসে মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়তে পারে বলে মৎস্য বিভাগের আশা রয়েছে।

সম্পর্কিত