রায়পুর উপজেলার কাজীর দিঘীর পাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে দীর্ঘ কর্মজীবন শেষে রাজকীয় বিদায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কাজীর দিঘীর পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিক্ষক আবুল খায়ের বিএসসি ও শিক্ষিকা অণিমা প্রভা রায়কে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন।
বিদায়ি শিক্ষক আবুল খায়ের বিএসসি ১৯৮৬ সাল থেকে টানা ৩৯ বছর এবং শিক্ষিকা অণিমা প্রভা রায় ২৭ বছর ধরে একই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবুল খায়ের বলেন, “দীর্ঘ এই পথচলায় শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অন্যদিকে অণিমা প্রভা রায় বলেন, “এত সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় পাব—এটা কখনো ভাবিনি। কর্মজীবনের শেষ মুহূর্তে এমন আয়োজন আমাকে সত্যিই অভিভূত করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, শিক্ষক মনির হোসেন, জাকির হোসেন, পারভেজ হোসেন, শাহীন আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।