সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বিজলী আক্তার নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৭ জুন) রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বিজলী আক্তার স্থানীয়ভাবে যুব মহিলা লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ‘ফেসবুক সেলিব্রেটি’ হিসেবেও পরিচিতি লাভ করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বিজলী আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট করে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে করা একটি আপত্তিকর ও অশালীন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।