মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের যুবক নিহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের তাজউদ্দিন ইসলাম (২৫) নামে এক যুবক রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই আব্দুল খালেক।

নিহত তাজউদ্দিন ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

আব্দুল খালেক জানান, তাজউদ্দিন চার বোনের একমাত্র ভাই। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে প্রায় আট মাস আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান। সেখানে একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন তিনি।

তিনি আরও বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছে। এতে তার পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাজউদ্দিনের বাবা কিডনিজনিত রোগে আক্রান্ত।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।

নিহত অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এছাড়া গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত