লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ওসিসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চকবাজারে সংঘর্ষের সময় পুলিশের অবস্থান ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুরের চকবাজারে সংঘর্ষের সময় পুলিশের অবস্থান ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর পৌর শহরে ১৪৪ ধারার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের চকবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ও ছাত্রদল-সমর্থিত জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রোববার একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয় দুই পক্ষ।

সংঘর্ষের আশঙ্কায় বিকেল সাড়ে ৪টা থেকে চকবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ আহত হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল জানান, ওসির হাতের আঙুলে আঘাত লেগেছে এবং এক্স-রে করা হয়েছে।

এ ছাড়া উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কর্মী হাবিবুর রহমান অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা করেছে।

অন্যদিকে, ছাত্রদল-সমর্থিত জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেন দাবি করেন, ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরাই হামলা চালায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পর্কিত